
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততা ও যোগ্যতা নিয়ে সাম্প্রতিক বিতর্কে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
“আজকে একটি জাতীয় দৈনিকে একজন সাবেক সচিবের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আটজন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। আমি পরিষ্কারভাবে বলতে চাই— এই বক্তব্য বিএনপির নয়,” বলেন মির্জা ফখরুল। তিনি আরও যোগ করেন, “আমরা প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের সকল উপদেষ্টাকে সম্মান করি এবং তাদের সততার ওপর আস্থা রাখি।”
প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের বক্তব্য উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “যদি কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করে থাকেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। দলের সাথে এর কোনো সম্পর্ক নেই, এবং এর দায়ভারও দল নেবে না।”
গত শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে বক্তব্য দেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার। তিনি অভিযোগ করেন, অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার হাতে আছে, তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সাত্তার উদাহরণ দিয়ে বলেন, “একজন উপদেষ্টার এপিএসের ব্যাংক অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবুও কোনো ব্যবস্থা হয়নি।” তিনি একইসঙ্গে কিছু উপদেষ্টার মন্ত্রণালয় পরিচালনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। agn/এটি গ্লো নি